কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রোভার স্কাউট’ এর উদ্যোগে বিভিন্ন রোভার ইউনিটের সদস্য, সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে ‘স্কাউটস ওন ও ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০৮ নম্বর রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার (আরএসএল) মো. জিয়া উদ্দিন, জেলা রোভার স্কাউটের সাবেক ডিআরএসএল দিদারুল হক রিমন এবং সাবেক রোভারমেট কাওসার হামিদ জীবনসহ বিভিন্ন ইউনিটের অতিথিবৃন্দ।
জেলা রোভার স্কাউটের সাবেক ডিআরএসএল দিদারুল হক রিমন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট তাদের কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে অনন্য। এর সদস্যদের মধ্যে একাডেমিক ও অন্যান্য ব্যস্ততা সত্ত্বেও এত শান্তিপূর্ণ একটি সংগঠনে কাজ করার ইচ্ছা থাকতে হবে। এখানে প্রতিটি কার্যক্রম প্রসিডিউর মেনে হয়ে থাকে। যার ফলে সংগঠনের সাথে সংশ্লিষ্ট স্টুডেন্টদের মধ্যে আত্মউন্নয়নের বিষয়টা খুব সূক্ষ্মভাবে, আনমনেই ফুটে উঠে। আমরা চাই আপনারা রোভার স্কাউট থেকে আপনাদের সর্বোচ্চটা আদায় করে নিবেন।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট লিডার (আরএসএল) মো. জিয়া উদ্দিন বলেন, ‘আমরা বিভিন্ন ব্যস্ততা ছেড়ে একত্রিত হতে পেরেছি, এইটায় আমাদের সফলতা। আমাদের লিবার্টি এবং স্ট্রিক্টনেস অন্য সংগঠনের তুলনায় অনেক বেশি। তাই আমাদের কাজ করার ক্ষেত্র অনেক বাড়াতে হবে। আমরা আশা করছি রমজানের পরে কার্যকরী কমিটি প্রদানের মাধ্যমে অগোছালো কার্যক্রমগুলোকে আরো কাটিয়ে উঠতে পারব। আগামীতে রোভারিং গাইড লাইন অনুযায়ী চলতে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আয়োজক ও অতিথিদের ধন্যবাদ।’