ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। “বাংলাদেশ আমার অহংকার” মূলমন্ত্রকে সামনে রেখে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় উৎসবে নিরাপত্তা প্রদানে অঙ্গীকারবদ্ধ এসআরবি রংপুর বিভাগের আওতাধীন ৫১৩৮টি পূজামণ্ডপ এবং ঠাকুরগাঁও জেলার ৪৭৮টি মন্দিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়ী শারদীয় দূর্গা মন্ডপ প্রাঙ্গনে এক প্রেস ব্রিফিং করেন মেজর মোঃ কাওসার বাঁধন, পিএসসি। এক লিখিত বক্তব্যে তিনি বলেন ষষ্ঠী পূজা থেকে ২১ অক্টোবর শুভ বিজয়া এবং প্রতিমা বিসর্জন পর্যন্ত যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত এসআরবি সদস্য মোতায়েন, টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, দুষ্কৃতকারীদের যেকোনো হামলা, মণ্ডপ ভাঙচুর বা চুরি-ডাকাতি কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই সাথে এসআরবি সাইবার মনিটরিং টিমের মাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্য ছড়ানো বন্ধে সার্বক্ষণিক অনলাইন নজরদারি চালানাে হচ্ছে এবং সর্বসাধারণকে যাচাইবিহীন তথ্য প্রচারে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন, পূজা কমিটি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের যৌথ সহযোগিতায় শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় পরিবেশে পূজা উদযাপনের আশা প্রকাশ করেছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, এএসপি মোঃ মনোয়ার হোসেনসহ এসআরবি সদস্য, গণমাধ্যম কর্মী ও পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।