কক্সবাজারের মাতামুহুরী উপজেলার নবনিযুক্ত প্রশাসক শাহীন দেলোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়রা।
সৌজন্য সাক্ষাৎকালে খেলোয়াড় সমিতির পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক শাহীন দেলোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং টি-শার্ট উপহার দেওয়া হয়।
এ সময় মাতামুহুরী উপজেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ। বিশেষ করে সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট’ আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
টুর্নামেন্টটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ। পাশাপাশি মাতামুহুরী উপজেলার ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিষয়েও আলোচনা করা হয়।
নবনিযুক্ত প্রশাসক শাহীন দেলোয়ার খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দ এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে ক্রীড়াঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় নবগঠিত মাতামুহুরী উপজেলা খেলোয়াড় সমিতির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।