প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আপনাদের সতর্ক থাকতে হবে। আবারও স্বৈরাচার ও গুপ্ত দল এক হয়েছে।
তারা বিগত সময়ও তলে তলে একসঙ্গে ছিল। এ জন্য তাদের গুপ্ত দল বলা হয়।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ফুলগাজী পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, পুরোহিতদের মাঝে সম্মানি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর যেভাবে বিএনপি নেতাকর্মীরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছে তখন তারা কোথায় ছিল।
তারা নিজেদের জন্য রাজনীতি করে, ক্ষমতায় যাওয়ার জন্য তাদের এই অপরাজনীতি দেশের মানুষ বুঝে গেছে। তারা যদি দায়িত্ব পায় তারা নিজেদের জন্য কাজ করবে, দেশের জন্য কিছুই করবে না। নির্বাচনের আগে তারা বেহেশতের টিকিট বিক্রি করেছে। অথচ বেহেশত-দোযখের মালিক আল্লাহ।
মানুষ যদি এসব বলে তারা প্রকারান্তে আল্লাহর সঙ্গে শিরক করে। আর যারা আল্লাহর সঙ্গে শিরক করে তারা মানুষের সঙ্গে প্রতারণা করবে—এটাই স্বাভাবিক।
তিনি বলেন, তারা দেশে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে এক দফা-এক দফা করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তাই যারা নিজেদের জন্য রাজনীতি করে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
তারেক রহমান বলেন, আমি বহু বছর পর নানাবাড়ি ফেনীতে এসেছি।
আমার মা নেই, আপনারাই আমাকে দেখে রাখবেন। নির্বাচনের আগে আমরা বলেছিলাম সরকার গঠন করলে কৃষক-দিনমজুর, অসহায়-দুস্থ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানির ব্যবস্থা করব। তারা যাতে স্বাবলম্বী হয় এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। আর এই জন্যই আজ তাদের হাতে সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও অর্থ তুলে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়নের রাজনীতি করে। বিগত স্বৈরাচার সরকারের আমলে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়েছিল। আমরা এখন বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছি যাতে কলকারখানাগুলো চালু হয়। আমার দেশের মানুষের যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। জনগণের মিনিমাম একটু সহযোগিতা করতে পারলে তারাই নিজেদের ভাগ্য নিজেরাই গড়ে তুলবে।