শিশুর শিক্ষার প্রথম ভিত রচিত হয় প্রাথমিক বিদ্যালয়ে। প্রাক-প্রাথমিক শ্রেণি থেকেই শিশুরা বর্ণ ও সংখ্যার সাথে পরিচিত হয়। এ সময়টা শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রাক-প্রাথমিক শ্রেণি থেকেই শিক্ষার্থীদের বর্ণ, সংখ্যা চেনার কাজটি শিক্ষকদের গুরুত্বের সাথে করতে হবে। মনে রাখতে হবে, প্রাথমিক বিদ্যালয়ে শিশুকে যত বেশি যত্ন নিয়ে গড়ে তোলা হবে, শিশু ভবিষ্যতে ততবেশি দক্ষতা অর্জন করতে সক্ষম হবে।
গত রবিবার ( ১৩ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক শিক্ষায় গুণগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজ আহাম্মদ এসব কথা বলেন।
উপজেলা মিলনায়তনে (স্বাধীনতা) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশীদ।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল হোসেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সহকারী মনিটরিং অফিসার জসীম উদ্দীন।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার আধুনিকায়নে কাজ করে যাচ্ছে। আমাদের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, তবে চেষ্টা থাকলে অনেকদূর যাওয়া সম্ভব। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী, শিবলু দাশ, প্রধান শিক্ষক তৌহিদুল হাছান, সৈয়দ মো. নুরুল হুদা চৌধুরী, ইসমাত ফারজানা প্রমুখ