ঠাকুরগাঁও সদর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মংগলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টা হতে সকাল ৯টা পর্যন্ত জেলা প্রশাসন, ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান কবির। বুড়ির বাঁধ প্লাবনভূমিতে অভিযান চালিয়ে ১০ টি রিং জাল (দৈর্ঘ্য ২০০ মিটার ) এবং ৫২ টি কারেন্ট জাল (দৈর্ঘ্য ২০০০ মিটার ) জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজাম মুনীরা সুমি ও পুলিশ সদস্য, পুলিশ লাইনস, ঠাকুরগাঁও। জব্দকৃত জাল বুড়ির বাঁধে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার মুল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজাম মুনীরা সুমি জানান, দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় অভিযান চলমান থাকবে। অবৈধ এ জালের ব্যবহার নদী-নালা খাল বিলের দেশীয় মাছসহ অন্যান্য জীববৈচিত্রের জন্য এক ধরনের মরন ফাঁদ। তিনি আরো বলেন, আসুন আমরা সকলে মিলে এই নিষিদ্ধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করি ও দেশীয় প্রজাতির মাছ রক্ষা করি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।