সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম কার্যালয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি মহল অপপ্রচার চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, চট্টগ্রামের এক কথিত শ্রমিক নেতার ইন্ধনে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন নামে ও বেনামে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয় এবং এর একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ, অনলাইন সংবাদমাধ্যমে বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে।
তারা নিজেদের শ্রমিক দলের নেতা বা কর্মী হিসেবে পরিচয় দিলেও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি মো. নাজিম উদ্দীন জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিদের কেউই শ্রমিক দলের সঙ্গে সম্পৃক্ত নন।
এদিকে, এসব অভিযোগের ধারাবাহিকতায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিআরটিএ কার্যালয় ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা অভিযোগগুলোর বিষয়ে একের পর এক প্রশ্ন করলে আয়োজকদের কয়েকজন সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এমনকি উত্থাপিত কয়েকটি দাবির বিষয়ে আয়োজকদের কাছেই পর্যাপ্ত তথ্য বা স্পষ্ট ধারণা নেই বলে প্রতীয়মান হয়।
একপর্যায়ে সাংবাদিকদের ধারাবাহিক প্রশ্নের মুখে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করেন আয়োজকদের কয়েকজন।
এ ঘটনায় সরকারি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন আয়োজন করলেও অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাদের বক্তব্যের সত্যতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে বিআরটিএ চট্টগ্রাম কার্যালয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।