কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পৃথক দুটি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে বদরখালী ইউনিয়নের পশ্চিম ছনুয়া পাড়া ও হালকাচা পাড়ায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় তৈরি তিনটি আগ্নেয়াস্ত্র, ৮২৫ রাউন্ড রাইফেলের গুলি, ৫৫ রাউন্ড পিস্তলের গুলি, শর্টগানের কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—রাজিব ওরফে শুটার রাজিব (২৬), নমি উদ্দিন ওরফে নমি ডাকাত (৪০), জসিম উদ্দিন ওরফে জসু ডাকাত (২৬), মো. সাগর রানা ওরফে শুটার সাগর (২০), জহুরা বেগম (৪৫) ও শহর বানু (৫৫)।
পুলিশ জানায়, পশ্চিম ছনুয়া পাড়ার একটি বসতঘরে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হালকাচা পাড়ায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির পেছনের পুকুর থেকে ৭৬৭ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তাররা অস্ত্র তৈরি, কেনাবেচা ও ভাড়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।