জামালপুরের ইসলামপুরে ধর্মকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পৌর গোরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১২অক্টোবর) সংগঠনের ২৫ থেকে ৩০ জন যুবকের অংশগ্রহণে এ কার্যক্রম শুরু করা হয়।
জানা যায়, তিন একরেরও বেশি জায়গাজুড়ে অবস্থিত এই কবরস্থানের চারপাশে ১৯৪১ সালে প্রাচীর নির্মাণ করা হয়। তবে ধারণা করা হয়, কবরস্থানটি তারও বহু আগে থেকে বিদ্যমান। এর প্রতিষ্ঠাকাল ও প্রাচীন ইতিহাসের সঠিক তথ্য জানা যায়নি।
এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং পৌর গোরস্থানের সার্বিক পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি। তরুণদের এমন স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সুধিজনরা।
কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার। তিনি ধর্মকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের এ উদ্যোগকে সাধুবাদ জানান। পাশাপাশি এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সংগঠনের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের ধর্মকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, তারা কাজটি শুরুর আগে আমাদের অবহিত করলে আরও ভালো হতো। পৌরসভার পক্ষ থেকে আমরা তাদের সার্বিক সহযোগিতা করছি এবং এ কাজে পৌরসভার গাড়িও ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এ সময় তিনি পৌর গোরস্থানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
ধর্মকুড়া স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ তানজিল হাসান রিজন জানান, পৌর গোরস্থান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ ছাড়া সংগঠনটির এ কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন শাওন শাহ ফকির, মাসুম খান, মোঃ আশিক, মোঃ রনি, শিহাবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।