জামালপুর শহর এলাকায় মধ্যরাতে মশাল হাতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ যুবলীগের নেতা-কর্মীরা।
অবৈধ কাঙারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ লেখা ব্যানারে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শহরের ফৌজদারী মোড় সংলগ্ন বাইপাস সড়কে এ মিছিল বের করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান,রাত গভীর হলে হঠাৎ ২৫ থেকে ৩০ জনের একদল যুবক মশাল জ্বেলে সড়কে নেমে পড়ে। মিছিলে আয়োজক হিসেবে 'জামালপুর জেলা যুবলীগ' নাম উল্লেখ ছিল।
এ সময় অংশগ্রহণকারীরা 'জয় বাংলা,জয় বঙ্গবন্ধু', শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে নিখিল ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন বাংলাদেশে' এবং 'অবৈধ রায় মানি না, মানব না' সহ নানা ধরণের স্লোগান দেন।
হঠাৎ ঘটে যাওয়া এই মিছিলটিকে কেন্দ্র করে এলাকায় কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়। মিছিলটি বাইপাস সড়কের দিকে কিছুদূর অগ্রসর হয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যায়। অন্ধকারের কারণে এবং মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘটায় মিছিলে অংশ গ্রহণকারী বা নেতৃত্বদানকারীদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান,খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় তৎপরতা অব্যাহত রয়েছে।