কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহরিয়ার অপ্রতীমকে (১৩) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—তুহিন, আনাস ও ফাহিম।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তুহিনকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় অপ্রতীমের সঙ্গে তুহিনকে দেখা যায়। ফুটেজ অনুযায়ী, তারা সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করেছিল।
এরপর সন্ধ্যা ৭টার দিকে আনাসকে আটক করা হয়। তার প্রায় ৩০ মিনিট পর, সাড়ে ৭টার দিকে ফাহিমকেও আটক করে পুলিশ।
ওসি মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, সন্দেহভাজন তুহিন, আনাস ও ফাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হওয়ার পর নিখোঁজ হয় ১৩ বছর বয়সী অপ্রতীম। তার নিখোঁজের খবর পেয়ে পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
নিখোঁজ হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতীমের লাশ উদ্ধার করে পুলিশ।