কক্সবাজারের চকরিয়া উপজেলায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ত্বরান্বিত করতে এবং জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীন দেলওয়ার।
বর্তমান সরকারের গৃহীত "করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ" মূলমন্ত্র ও স্লোগানকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যাপক গতিশীলতা এনেছেন তিনি।
সম্প্রতি চকরিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলগুলোতে সরকারি খাসজমি রক্ষা এবং কৃষি মনিটরিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সার ও বীজের সঠিক বণ্টন নিশ্চিত করতে ইউএনও নিজে মাঠ পর্যায়ে পরিদর্শনে যান। সরকারের এই জাতীয় সংকল্প বাস্তবায়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও অতিদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্পের কাজ অত্যন্ত স্বচ্ছতার সাথে সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান ইউএনও দায়িত্ব নেওয়ার পর থেকেই উপজেলার প্রাথমিক শিক্ষা কমিটির কার্যক্রম গতিশীল করা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সরকারি প্রায় শতাধিক কমিটির সভাপতি হিসেবে প্রতিটি দপ্তরের কাজে সমন্বয় সাধন এবং জনভোগান্তি দূর করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মাঠ পর্যায়ের এই সরকারি তৎপরতা সম্পর্কে জানতে চাইলে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, "বর্তমান সরকারের গৃহীত মূল লক্ষ্যই হচ্ছে দল-মত ও ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। 'সবার আগে বাংলাদেশ'—এই স্লোগানটি শুধু একটি সাধারণ কথা নয়, এটি আমাদের দেশপ্রেম, দায়িত্ববোধ ও সুশাসনের অঙ্গীকার। সাধারণ জনগণ যাতে সরকারি সকল সেবা এবং ত্রাণ সামগ্রী কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি পায়, সেজন্য আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। সরকারি উন্নয়ন কাজগুলোর সঠিক বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।"