কক্সবাজারের পেকুয়ায় মাদক সেবনের দায়ে দুই যুবককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। অভিযানে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আটক দুই যুবক হলেন—সিকদারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের মনসুর আলমের ছেলে মো. রিশাদ (২০) এবং চাঁদ মিয়ার ছেলে মো. শানিত (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম বলেন, “মাদকের অপব্যবহার এলাকার যুবসমাজ ও পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকর। তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এবং সুন্দর সমাজ গড়ে তুলতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
তিনি আরও বলেন, “তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়া থেকে বিরত রাখতে প্রশাসনের পাশাপাশি মা-বাবা, আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।”
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মাদকদ্রব্যের ব্যবহার রোধ এবং তরুণদের অনলাইন জুয়া থেকে বিরত রাখতে পেকুয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। পাশাপাশি সপ্তাহে তিন দিন মাদক ও অনলাইন জুয়া বিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হচ্ছে। মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”