সমুদ্রনিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় সমন্বিত উদ্যোগের আহবান
“বিশ্ব নৌ দিবস ২০২৬” উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে ২৭শে সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার বাংলাদেশ মেরিন একাডেমি, সিলেট এ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘ফ্রম পলিসি টু প্র্যাকটিস: পাওয়ারিং মেরিটাইম এক্সেলেন্স’—‘নীতি থেকে বাস্তবায়ন: মেরিটাইম উৎকর্ষকে শক্তিশালী করা’।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান (অতিরিক্ত সচিব), বিভাগীয় কমিশনার, সিলেট।
দিবসের শুরুতেই একাডেমির এ্যাডজুটেন্ট, সকল ইনস্ট্রাকটর ও ক্যাডেটদের অংশগ্রহণে পতাকা উত্তোলন ও বিশ্ব নৌ দিবস প্রতিপাদ্য বিষয় ও মেরিনার নিরাপত্তা বিষয়ক প্ল্যাকার্ড সম্বলিত র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালিটি একাডেমির এডমিন ব্লক থেকে শুরু হয়ে প্রধান গেইট বের হয়ে বাদাঘাট ব্রীজ পদক্ষিণ করে পুণরায় একাডেমিতে এসে সমাপ্ত হয়।
বিকেলে একাডেমির অডিটোরিয়ামে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিবের বাণী প্রচার, বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে নৌপ্রশিক্ষণের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, আলোচনা সভা, ক্যাডেটদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, প্রীতিভোজসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য সমুদ্রপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তাই নিরাপদ নৌপথ, আধুনিক বন্দর ব্যবস্থাপনা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি বৈশ্বিক মেরিটাইম সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।
তিনি আরোও বলেন, মেরিন ক্যাডেটদের পেশাগত যোগ্যতা, সততা ও শৃঙ্খলা নিয়মনিষ্ঠা (কম্পিটেন্সি, অনেস্টি আর ডিসিপ্লিন) এ ৩টি বিষয়ে জোর দিতে হবে। এ তিনটি বিষয় তারা প্র্যাকটিস করলেই তাদের আগামী মেরিন যাত্রা পথ সুগম ও সুন্দর হবে। অন্যদিকে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমুদ্রপথে অস্থিরতার প্রভাব জ্বালানি, আমদানি-রপ্তানি ও নিত্যপণ্যের বাজারে পড়ে। তাই সমুদ্রনিরাপত্তাকে জাতীয় অর্থনৈতিক নিরাপত্তার অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে বাংলাদেশ মেরিন একাডেমী, সিলেটের কমান্ড্যান্ট নৌপ্রকৌশলী মোঃ হুমায়ুন কবির বলেন, বিশ্ব বাণিজ্যের প্রায় ৯৭ শতাংশই সমুদ্রপথে মেরিনারদের নিরলস প্রচেষ্টায় পরিচালিত হচ্ছে। কিন্তু সাম্প্রতিক ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বিভিন্ন সংকটের কারণে গুরুত্বপূর্ণ এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক গতি বজায় রাখতে মেরিনারদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ জন্য আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)কে মেরিনারদের সুরক্ষায় আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। অতঃপর বক্তব্যের সমাপ্তিতে তিনি বর্ণাঢ্য আয়োজনে সফলতার সঙ্গে সম্পন্ন করার জন্য একাডেমির নৌশিক্ষা প্রধান, এডজুটেন্ট, নৌপ্রকৌশল প্রধান, সাংস্কৃতিক কর্মকর্তা, সাজসজ্জা সহকারী, চীফ স্টুয়াড ও ক্যাডেট সহ আয়োজনে সম্পৃক্ত সকলকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ প্রকৌশলী মোঃ সাজ্জাদ হোসাইন, নৌ-শিক্ষা প্রধান ক্যাপ্টেন মো: ইয়াসিন উল আজম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ চৌধুরীসহ একাডেমির প্রশিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং ক্যাডেটবৃন্দ প্রমুখ।