বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে মো. আবুল কালাম (৫০) নামে এক মুদির দোকান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ওয়াশরুমে টিনের চালের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি চার সন্তানের জনক এবং বাইশারী বাজারের ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে সোমবার ভোরের কোনো এক সময় ঘটনাটি ঘটে। ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদে নামাজ পড়তে গিয়ে ওয়াশরুমে আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পুলিশ জানায়, নিহতের ছেলে সাইমুনের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের পাশাপাশি আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এসব তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসআই শওকত জামিল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও আর্থিক ঋণের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’