রংপুরের মিঠাপুকুরে শিশু ধর্ষণের অভিযোগে মোঃ আকতারুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের চান্দারপাড় এলাকা থেকে র্যাব-১৩ এবং র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আকতারুল ইসলাম মিঠাপুকুর থানার ভাংনী কাগজিপাড়া গ্রামের মোঃ আতওয়ার রহমানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মক্তবের শিক্ষার্থী এবং আসামি আকতারুল তার প্রতিবেশী। গত ১৩ আগস্ট বিকেলে মোবাইল ফোনে ছবি দেখানোসহ বিভিন্ন প্রলোভন দিয়ে শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যান তিনি। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।
এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গত ২২ আগস্ট মিঠাপুকুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আসামিকে আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম হালিশহরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।