সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
- আপডেট সময় : ১১:২১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
সভাপতি নুরুল আজিম,সহ-সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক নাছির উদ্দিন
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া-মগনামার প্রাণ কেন্দ্রে অবস্থিত সোনালী বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সাতটি পদের বিপরীতে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. নুরুল আজিম ১২৮ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ার প্রতীকের নুরুল আবছার ভোট পেয়েছেন ১২৫ ভোট।
সহসভাপতি পদে হাঁস প্রতীক নিয়ে ১৩৭ ভোট পেয়ে বিজয়ী হন সাংবাদিক হুমায়ুন কবির। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রজাপতি প্রতীকের শাহ জাহান পেয়েছেন ১১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে দেওয়ালঘড়ি প্রতীক নিয়ে আ জ ম নাছির উদ্দিন ১২৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুরুল আলম ফুটবল মার্ক নিয়ে ১২২ভোট পেয়েছেন অর্থ সম্পাদক পদে ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তালাচাবি প্রতীকের তারেক হোছাইন ইমরান তার প্রতিদ্বন্দ্বি জগ প্রতীকের মো. নুরুল আজিম পেয়েছেন ১২২ ভোট।
সদস্য পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ভোটারদের প্রত্যক্ষ ভোটে মো. নুরুন্নবী (মই) ১৫৫ভোট পেয়ে প্রথম, মুহাম্মদ নুরুল আবছার (টিউবওয়েল) ১৫২ ভোট পেয়ে দ্বিতীয় ও ১৪৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন এস এম ফোরকান এবং ১২৫ ভোট পেয়ে আম প্রতীকের আতাউল হায়দার রুবেল পরাজিত হন।
নির্বাচন পরিচালনা সূত্রে জানা যায়, মোট ভোটার ছিলেন ২৭৪ জন। এর মধ্যে ২৫৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটকেন্দ্র পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই গ্রাম পুলিশ ও পেকুয়া থানা পুলিশের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে ভোটার, ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আনন্দ।
ভোট গণনা শেষে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
এদিকে নির্বাচনী দায়িত্ব পালনকালে সোনালী বাজারের নৈশপ্রহরী জসিম উদ্দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। মগনামা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান ইউনুস চৌধুরী জসিম উদ্দিনের পরিবারের হাতে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
সভাপতি নুরুল আজিম বলেন সবকিছুর জন্য শুকরিয়া আল্লাহর কাছে। ইনশাআল্লাহ সোনালী বাজারকে সুন্দর ভাবে পরিচালনা করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
সহ-সভাপতি পদে বিজয় হয়ে সাংবাদিক হুমায়ুন কবির বলেন,সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া, এই জয় দোকান মালিক ও ব্যবসায়ী ভাইদের।আজ সোনালী বাজারে নৈশ প্রহরী জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন, আমার বিজয় দাদা জসিমকে উৎসর্গ করলাম। দোকান মালিক ও ব্যবসায়ী ভাইরা যে দায়িত্ব ৩ বছরের জন্য দিয়েছেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব আমানত ভোটের প্রতিদান দেওয়ার জন্য।
সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন বলেন:আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। ভোটারদের দেওয়া দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করব।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুল হক, মাস্টার হানিফ চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওসমান গনি, ইউপি সদস্য শাহ আলম, কামাল উদ্দিন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম নুরী, শফিউল আলমসহ অনেকে। নির্বাচন শুরুর পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী।











