তানবীরুল ইসলাম
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯টার মধ্যে হারবাং, মালুমঘাট ও চুনতি জাঙ্গালিয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও কয়েকজন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চকরিয়ার হারবাং এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মো. মিজানুর রহমান (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কালিয়াইশ এলাকার বাসিন্দা।
এর কিছু সময় পর মহাসড়কের মালুমঘাট এলাকায় একটি যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো. ইউসুফ নামে এক ব্যক্তি নিহত হন। তিনি চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মুন্সি মিয়ার ছেলে বলে জানা গেছে। দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মালুমঘাট হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেয়।
অন্যদিকে সকাল আনুমানিক ৯টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় কক্সবাজার থেকে খাগড়াছড়িগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত চারজন আহত হন।
নিহতদের মধ্যে একজন হলেন খাগড়াছড়ির পানছড়ি চৌধুরীপাড়া এলাকার ইন্দাসারা ভিক্ষু (৪৪)। তিনি মৃত মংশি মগের ছেলে। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার ইনচার্জ সালাহউদ্দিন চৌধুরী জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফিরোজ খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চিরিংগা, মালুমঘাট ও দোহাজারী হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাগুলোর কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।