স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দিরাই মদনপুর সড়কের গাগলী নামক স্হানে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও অপর দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত যুবক শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তখাই গ্রামের মৃত আক্কল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০) এবং গুরুতর আহত দুই যুবক একই গ্রামের উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম ও হানিফ উল্লাহের ছেলে গুলজার আলী (৪০)।
ঘটনাটি ঘটেছে রবিবার (২২ মার্চ) দুপুর ১ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রাম সংলগ্ন এলাকায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের মুক্তাখাই গ্রাম থেকে ঈদ আড্ডা দিতে মুক্তাখাই গ্রামের যুবক সাইদুল ইসলাম,
তাহার বন্ধু একই গ্রামের সফিকুল ইসলাম ও গুলজার আলীকে নিয়ে তাহিরপুর উপজেলার শিমুলবাগানের উদ্দেশ্যে নতুন মোটর সাইকেল নিয়ে রওয়ানা দেন।
পথিমধ্যে শান্তিগঞ্জ উপজেলার দিরাই মদনপুর আঞ্চলিক সড়কের গাগলী গ্রামের ঈদগাহের সামনে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে রাস্তার পাশে থাকা বড় রেন্ট্রি গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেল চালক সাইদুল ইসলামের পায়ের একটি হাড় ভেঙ্গে গাছের সাথে আটকে যায় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্থ হয়। স্থানীয় লোকজন মোটর সাইকেল চালক সাইদুল ইসলাম,শফিকুল ইসলাম ও গুলজার আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোটর সাইকেল আরোহী সফিকুল ইসলাম মারা যান। পরে উন্নত চিকিৎসার জন্য মোটর সাইকেল চালক সাইদুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অপর আরোহী গুলজার সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।