আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গত দুই ঘণ্টার ব্যবধানে অন্তত ১৫টি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যানুযায়ী, আলাস্কা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং হাওয়াই অঙ্গরাজ্যের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়।
আজ শনিবার (৭ মার্চ) সবচেয়ে সাম্প্রতিক কম্পনটি রেকর্ড করা হয়েছে টেক্সাসের মিডল্যান্ড এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে।
এর আগে ভ্যান হর্ন এলাকায় ২ ঘণ্টার ব্যবধানে আরও দুইবার ১.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। টেক্সাস ও নিউ মেক্সিকোর সীমান্ত সংলগ্ন লাভিং এলাকায় ১.৯ ও ১.৫ মাত্রার দুটি পৃথক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আলাস্কা অঙ্গরাজ্যেও দফায় দফায় কম্পন অনুভূত হয়েছে। তালকিটনা এলাকায় ১.৬ এবং ২.১ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে, যার মধ্যে একটির গভীরতা ছিল ৯২ কিলোমিটার।
এছাড়া স্টার্লিং, সুসিতনা নর্থ এবং মিডো লেকস অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। ভৌগোলিক অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই এ ধরনের কম্পন আঘাত হানে।
এছাড়াও ক্যালিফোর্নিয়াতেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে। অ্যাপ্টোস হিলস-লার্কিন ভ্যালি এলাকায় ২.৫ মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল মাত্র ৪ কিলোমিটার।
এবং ব্রুকট্রেইলস, অ্যাঙ্গউইন এবং মিরান্ডা অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াইয়ের পাহালা এলাকায় ১.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পগুলোর মাত্রা ১.৫ থেকে ২.৫ এর মধ্যে থাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সূত্র : ইউএসজিএস