স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদের উপস্থিতিতে শান্তিগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত সকল দপ্তর ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় এক সাংবাদিকের বক্তব্যে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,সুশীল সমাজের লোকজন ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য প্রদানকালে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ অভিযোগ করেন, যে তিনি দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ উপজেলার হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম-দুর্নীতি এবং অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের বিষয় জনসম্মুখে তুলে ধরছেন। এ সময় তার বক্তব্যে পশ্চিম বীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন এবং ২৩ নম্বর পিআইসির সভাপতি রঞ্জিত সূত্রধর বাধা প্রদান করেন বলে তিনি অভিযোগ করেন।
বক্তব্যে মোঃ আবু সঈদ দাবি করেন, উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে বিভিন্ন পিআইসি কমিটিতে অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ এবং অক্ষত বাঁধে অতিরিক্ত বরাদ্দ প্রদানের উদ্যোগের বিরোধিতা তিনি প্রকাশ্যে করেছেন। তিনি জানান, বিশেষ করে পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বাড়ি রক্ষা বাঁধের নামে ৬টি পিআইসি গ্রহণের চেষ্টা করা হলে সরেজমিন পরিদর্শনে এগুলো পিআইসির আওতাভুক্ত না হওয়ায় তিনি সুপারিশ করেননি।
তিনি আরও অভিযোগ করেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়নে চলমান ২৪টি পিআইসির মধ্যে গোপন চুক্তির বিষয় রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। এসব অনিয়মের বিষয় তিনি জানেন এবং প্রকাশ্যে তুলে ধরায় সংশ্লিষ্টদের ব্যক্তিগত স্বার্থে আঘাত লাগায় তার বক্তব্যে বাধা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
উপজেলার গুরুত্বপূর্ণ সভায় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র জনপ্রতিনিধিদের উপস্থিতিতে একজন সাংবাদিকের বক্তব্যে বাধা প্রদানের ঘটনা দুঃখজনক হিসেবে উল্লেখ করে শান্তিগঞ্জ প্রেসক্লাব ঘটনা সুষ্ঠুভাবে পরিচালনার এবং ভবিষ্যতে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জনপ্রতিনিধি লুৎফর রহমান জায়গীরদার খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এলোপাতাড়ি বক্তব্য দেন। তিনি ক্ষমতার দাপট দিয়ে বক্তব্য না দিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যজনের সাথে যোগাযোগ করে মন্তব্য পাওয়া যায়নি।
মতবিনিময় সভার সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এইবিষয় বক্তব্য না দিয়ে সাংসদ সদস্য কয়ছর আহমদের সাথে কথা বলার নির্দেশনা দেন।