কক্সবাজারের পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী সোনালী বাজার পরিচালনা কমিটির প্রথম মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সোনালী বাজার পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের সঞ্চালনায় এবং কমিটির সদস্য নুরুন্নবীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ আলম। সভায় সভাপতিত্ব করেন সোনালী বাজার পরিচালনা কমিটির সভাপতি নুরুল আজিম।
সভাপতির বক্তব্যে নুরুল আজিম বলেন, “আমাদের প্রথম মাসিক মতবিনিময় সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে সভায় উপস্থিত হয়েছেন। আমরা আজ আপনাদের কথা শুনব। সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ সোনালী বাজার সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে।”
সোনালী বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি হুমায়ুন কবির বলেন, “সোনালী বাজার সুন্দরভাবে পরিচালনার জন্য আপনারা আমাদের তিন বছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আপনাদের দেওয়া দায়িত্ব আমরা যথাযথভাবে পালনের চেষ্টা করব।” এ সময় তিনি বিগত পরিচালনা কমিটির আয়-ব্যয়ের হিসাব সভায় তুলে ধরেন এবং পূর্ববর্তী কমিটির ঋণের বিষয়টিও নতুন কমিটির ওপর বর্তানোর কথা জানান। পাশাপাশি প্রতি মাসের শুরুতে ব্যবসায়ীদের নৈশপ্রহরীর বেতন/পারিশ্রমিক পরিশোধের আহ্বান জানান।
পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, “আপনারা আমাদের ওপর পবিত্র আমানত হিসেবে যে দায়িত্ব দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা তা যথাযথভাবে পালন করব।” তিনি সভায় পরিচালনা কমিটির গত এক মাসের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য রাখেন পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ ইমরান হোসাইন, সদস্য নুরুন্নবী, নুরুল আবছার ও মোহাম্মদ ফোরকান এবং সোনালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইয়ার মাহমুদ কোম্পানি, আবু ছালাম ও আলী আহমদ।
ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন সোনালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন। তিনি বলেন, “নির্বাচনের পর এটি আমাদের প্রথম বৈঠক। কমিটির যেমন ভুল হতে পারে, তেমনি আমাদেরও ভুল হতে পারে। তাই সবাই বিষয়গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।” তিনি সোনালী বাজারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড না করার আহ্বান জানান এবং দোকানপাট বন্ধের নির্দিষ্ট সময় পারস্পরিক আলোচনার মাধ্যমে নির্ধারণ করে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়ার অনুরোধ করেন।
অপর ব্যবসায়ী শফি আলম বলেন, সোনালী বাজারের দোকানগুলোর সামনে নালা/ড্রেন নির্মাণের ফলে স্বাভাবিকভাবে পানি চলাচল করছে। তবে ড্রেনের ওপর ঢাকনা না থাকায় ছোট ছোট শিশু ও পথচারীরা দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি দ্রুত ড্রেনের ওপর ঢাকনা দেওয়ার ব্যবস্থা করার জন্য পরিচালনা কমিটির প্রতি আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক মঈনউদ্দিন, সাজ্জাদ হোসেন, জামাল হোসাইন, কামাল হোসাইন, পুতন আলী, মাহমুদুল করিম, সাইফুল হক, মহি উদ্দিন, আব্দু শুক্কুর, বাবুল, ফারুক, আবুল হোসেন, মোহাম্মদ রাজু, জাহাঙ্গীরসহ সোনালী বাজারের অসংখ্য ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।