মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষধর মনোক্লেড কোবরা সাপের শাবক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কমলগঞ্জ মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে জাপানি বাড়ি মুজাহিদ মঞ্জিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, জাপানপ্রবাসী মুজাহিদ আলীর ২ নম্বর পানিশালা এলাকার বাড়ির সিঁড়ির নিচে কয়েকটি সাপের বাচ্চা দেখতে পান পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের ভেতরে সাপের উপস্থিতি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তানভীর আহমদ, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।
পরে তাঁরা সতর্কতার সঙ্গে সিঁড়ির নিচে থাকা সাপগুলো উদ্ধার করেন। একে একে মোট পাঁচটি সাপের শাবক উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা সাপগুলো মনোক্লেড কোবরা প্রজাতির বলে শনাক্ত করেন। এ প্রজাতির সাপ বিষধর হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল।
উদ্ধার করা পাঁচটি মনোক্লেড কোবরা শাবক পরবর্তী ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সময়ে সাপগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এদিকে, বসতবাড়িতে সাপের উপস্থিতি টের পেলে নিজেরা ধরার চেষ্টা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারে অভিজ্ঞ ব্যক্তিদের খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।