জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু হানিফ (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার রাতে উপজেলার পশ্চিম দত্তেরচর এলাকায় আনিছ মিয়ার মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আবু হানিফ উপজেলার রামরামপুর পানাতিপাড়া এলাকার মৃত সাইফুল ইসলামের ছেলে
ডিবি পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-২ পুলিশের একটি বিশেষ দল পশ্চিম দত্তেরচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে আনিছ মিয়ার মুদি দোকানের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আবু হানিফকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর শরীর তল্লাশি চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন পুলিশ সদস্যরা
এ বিষয়ে ডিবি-২-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব রহমান জানান,মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই ইয়াবাসহ আবু হানিফকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
পুলিশ আরও জানায়,এই ঘটনায় আবু হানিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে জামালপুর জেলা আদালতে হস্তান্তর করা হলে বিজ্ঞ আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।