মিঠাপুকুর (রংপুর): তেলের দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী আঞ্চলিক সড়কের মিঠাপুকুর উপজেলার রাণীপুকুর ইউনিয়নের এরশাদ মোড়ে অবস্থিত ‘মেসার্স শাহ ফিলিং স্টেশন’-এর সকল কার্যক্রম বন্ধ করে লাপাত্তা হয়েছেন পাম্পের কর্মচারীরা।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী যানবাহন চালকদের সাথে কথা বলে জানা যায়, তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার সাথে সাথেই পাম্পটিতে জ্বালানি তেল বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তেল নিতে এসে চালকরা পাম্পের সকল কর্মচারীকে অনুপস্থিত পান। স্থানীয়দের অভিযোগ— আগের কম দামে কেনা তেল মজুদ রেখে পরবর্তীতে বেশি দামে বিক্রি করে অতিরিক্ত মুনাফা লোটার উদ্দেশ্যেই কৃত্রিম সংকট তৈরি করে পাম্পটি বন্ধ রাখা হয়েছে।
হঠাৎ করে সার্ভিস বন্ধ করে দেওয়ায় রংপুর দর্শনা-ভেন্ডাবাড়ী আঞ্চলিক সড়কে চলাচলকারী বাস, ট্রাক, সিএনজি, অটো রিকশা ও মোটরসাইকেল চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে অসাধু পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে এবং কৃত্রিম সংকট নিরসনে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।