কক্সবাজারের চকরিয়া পৌর সদরের প্রধান সড়কের মাতামুহুরী সেতু পয়েন্ট থেকে ভাঙ্গারমুখ স্টেশন পর্যন্ত সড়কাংশে লাইটিংসহ পরিকল্পিত ফুটপাত নির্মাণের দাবি জানানো হয়েছে।
এ দাবিতে ২০ সেপ্টেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন করেছেন জাতীয় দৈনিক ভোরের ডাকের চকরিয়া সংবাদদাতা ও সমাজকর্মী মো. সাঈদী আকবর ফয়সাল।
আবেদনে বলা হয়, গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এ সড়ক দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পথচারী চলাচল করেন। পর্যাপ্ত ফুটপাত ও সড়ক আলোকায়ন ব্যবস্থা না থাকায় পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে জনদুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।
জননিরাপত্তা ও নির্বিঘ্ন পথচারী চলাচল নিশ্চিত করতে সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় স্থান নির্ধারণপূর্বক পরিকল্পিত ফুটপাত নির্মাণ ও আধুনিক সড়কবাতি স্থাপনের সমন্বয়ে প্রকল্প গ্রহণের দাবি জানানো হয়েছে।