কক্সবাজারের মাতামুহুরী উপজেলার চকরিয়া রেলওয়ে স্টেশন মাস্টার ফরহাদের বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্টেশনসংলগ্ন রেলওয়ের খালি জায়গা দখলের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় বাসিন্দা ও নিয়মিত রেলযাত্রীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, চকরিয়া রেলওয়ে স্টেশনের আশপাশে রেলওয়ের বেশ কিছু খালি জায়গা রয়েছে। দীর্ঘদিন ধরে এসব জায়গার কোনো কোনো অংশ দখলের চেষ্টা হয়ে আসলেও বর্তমানে স্টেশন মাস্টারের বদলির খবরকে কেন্দ্র করে নতুন করে দখলের তৎপরতা শুরু হয়েছে। এতে সরকারি সম্পত্তি বেদখল হওয়ার আশঙ্কা করছেন তারা।
চকরিয়া, পেকুয়া ও পার্শ্ববর্তী উপজেলার নিয়মিত রেলযাত্রীরা জানান, স্টেশন মাস্টার ফরহাদ দায়িত্ব পালনকালে যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান ও স্টেশন ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রেখেছেন। তার বদলির খবর ছড়িয়ে পড়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।
তাদের দাবি, স্টেশন মাস্টার ফরহাদের বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে স্টেশনসংলগ্ন রেলওয়ের খালি জায়গা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সীমানা নির্ধারণ এবং দখল প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয়রা বলেন, রেলওয়ের জমি রাষ্ট্রীয় সম্পত্তি। এসব জায়গা অবৈধভাবে দখল হয়ে গেলে ভবিষ্যতে স্টেশন সম্প্রসারণ, যাত্রীসেবা বৃদ্ধি কিংবা রেলওয়ের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে।
এদিকে অভিযোগের বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের দ্রুত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি যাত্রীসেবার স্বার্থে স্টেশন মাস্টার ফরহাদের বদলির বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন চকরিয়া, পেকুয়া ও আশপাশের উপজেলার রেলযাত্রীরা।