সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তে পানি জমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সড়কটি সংস্কারের সিদ্ধান্ত হলেও পাঁচ মাস পেরিয়ে এখনো কাজ শুরু হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে এবং কোথাও কোথাও বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে রিকশা, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় অনেক চালক মূল সড়ক এড়িয়ে গ্রামের বিকল্প পথ ব্যবহার করছেন। এতে যাতায়াতে সময় ও খরচ দুটোই বাড়ছে। পাশাপাশি কৃষিপণ্য ও স্থানীয়ভাবে উৎপাদিত মালামাল বাজারে নিতে ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ী ও কৃষকেরা।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, সড়কটির অবস্থা অত্যন্ত খারাপ। ভাঙাচোরা রাস্তার কারণে অনেকেই বিকল্প পথে যাতায়াত করছেন। এতে সাধারণ মানুষের ভোগান্তি ও যাতায়াতের খরচ বেড়েছে।
গাড়িচালক ইমন রাজা বলেন, প্রতিদিন দুই থেকে তিনবার এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলাচল করেন তিনি। কিন্তু বিভিন্ন স্থানে গভীর গর্ত ও সড়ক দেবে যাওয়ায় গাড়ি চালাতে বেশ সমস্যায় পড়তে হয়। ঝুঁকি এড়াতে অনেক সময় বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে সংস্কারের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। তাঁদের দাবি, সাময়িক মেরামতের পরিবর্তে টেকসই সংস্কারের মাধ্যমে সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করা হোক।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অনিন্দ্যদেব সরকার জানান, বুধহাটা থেকে গাজীরমাঠ বাজার পর্যন্ত ২ হাজার ৫০০ মিটার সড়কের মাপজরিপ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বাজেট বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু জানান, মহিষকুড় ও বাঁশতলা সড়ক এবং আশাশুনি সদরের সোনালী ব্যাংকের সামনের সড়কের সংস্কারকাজ শেষ হয়েছে। বুধহাটা-পাইথালী সড়কের কাজও শুরু করা হবে।
তবে পাঁচ মাস পেরিয়ে গেলেও সংস্কারকাজ শুরু না হওয়ায় স্থানীয়দের মধ্যে হতাশা বাড়ছে। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে সড়কটির সংস্কারকাজ শুরু করবে।