শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান
কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পড়ালেখার অগ্রগতি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টা ৩০ মিনিটে বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ। এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি এফ. এম. মোদ্দাচ্ছীর হাসান নয়ন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসএমসি কমিটির সহসভাপতি জিয়াউর রহমান, সিনিয়র সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা খানে আলম, মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিনিধি মাস্টার নাছির উদ্দীন এবং শিক্ষক প্রতিনিধি নার্গিস। এছাড়াও বক্তব্য রাখেন আশরাফা সিদ্দিকা।
সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য নুরজাহান বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো, বাড়িতে পড়ালেখার খোঁজখবর রাখা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার পাশাপাশি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।