মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে (দক্ষিণ সুনামগঞ্জ) সাব রেজিস্ট্রার অফিসে সংরক্ষিত দাবিবিহীন ১১৩টি দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটে শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) সাব রেজিস্ট্রার অফিসের সাব রেজিস্ট্রার মোঃ জামাল উদ্দিনের উপস্থিতিতে অফিসসংলগ্ন সড়কে এসব দলিল পুড়িয়ে বিনষ্ট করা হয়। অফিস সূত্রে জানা যায়, ২০১৪ সালে শান্তিগঞ্জ সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ২০২৩ সালের পূর্ববর্তী সময়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়া (নকল ও সূচি কার্যক্রম) উইল ও অছিয়ত ব্যতীত মোট ১১৩ টি দাবিবিহীন দলিল বিনষ্ট করা হয়েছে। ৫২ ধারার প্রাপ্ত রশিদ অনুযায়ী গ্রহীতারা এসব দলিল গ্রহণ না করায় মহাপরিদর্শক, নিবন্ধন কার্যালয়, ঢাকা কর্তৃক ২৯/০৪/ ২০২৬ তারিখের ২৬-১১৩ (২৫) স্মারক এবং জেলা রেজিস্ট্রার, সুনামগঞ্জ কর্তৃক ০৫/০৫/২০২৬ তারিখের ২৬-৫৪৯ (১৩) নং স্মারকাদেশের পরিপ্রেক্ষিতে এ কার্যক্রম সম্পন্ন করা হয়। নিবন্ধন আইন, ১৯০৮-এর ৮৫ ধারা অনুযায়ী, ১৮/১১/২০২৬ ইং তারিখে সাব রেজিস্ট্রার, দক্ষিণ সুনামগঞ্জ কর্তৃক স্বাক্ষরিত আদেশের ভিত্তিতে এসব দলিল পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার অফিসের সহকারী তিলোত্তমা তালুকদার, টিসি প্রশান্ত কুমার দাস, দলিল লেখক মোঃ কটু মিয়া, রমজান আলী, ছালাতুল ইসলাম, আনর আলী, আলী আমজদ, নজরুল ইসলাম, আমজাদ হোসেন, আলতাব উদ্দিন ও দিলোয়ার হোসেন, ছাদিকুর রহমান আতিক, নকলনবিশ মোশাররফ হোসেন এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদসহ অফিসের নকলনবিশ ও দলিল লেখকরা।