মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) আইন ১৯৭৪ এর অধীনে বিধিমালা-২০০৯ এর বিধি-১৩ মোতাবেক নিকাহ্ রেজিস্ট্রারের এলাকা বহাল রেখে মৃত/অবসরপ্রাপ্ত জনিত শুন্য পদে নিকাহ্ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানসহ কতিপয় যৌক্তিক দাবি দাওয়া সমূহ বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরে স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী মসিউর রহমানসহ সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
কাজী মসিউর রহমান বলেন,আজকে আমরা জামালপুর জেলার নিকাহ্ রেজিস্ট্রার কাজীরা একত্রিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি পাঠালাম। আমাদের দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয় তাৎক্ষণিকভাবে এইটাকে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়কে নির্দেশ প্রদান করেন।
আমরা আশা করি সারা বাংলাদেশে ৬৪ টি জেলা থেকে আমাদের এই দাবিগুলো জেলা প্রশাসকের মাধ্যম হয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাবে এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আসবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সুচিন্তিতভাবে বুঝেশুনে আমাদের দাবিগুলো পূরণ করবেন এইটা আমরা আশাবাদী। কারণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আর গণতান্ত্রিক সরকার ১২ই ফেব্রুয়ারি প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার জনগণের ভাষা বা দাবি বুঝার মত শক্তি রাখে এই বিশ্বাস আমাদের আছে।
কাজী মসিউর রহমান বলেন,সেই বিশ্বাস থেকে বলছি। শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার উত্তরসূরী জনাব তারেক রহমান আমাদের দাবিগুলো দেখবেন। আমাদের সারা বাংলাদেশে প্রায় সাড়ে ছয় হাজার নিকাহ্ রেজিস্ট্রার আছে। তাদের প্রাণের দাবিগুলো তিনি দেখে শুনে বুঝে বাস্তবায়ন করবেন। এই আশা আমরা ব্যক্ত করছি। আমরা চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করে আমাদেরকে সুষ্ঠু ও সুন্দরভাবে সমাজে বসবাস করার সুযোগ প্রদান করবেন।