কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়ে নিউজ ভিশনে সংবাদ প্রকাশের পর হলটি পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার। পরিদর্শন শেষে দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীকে সঙ্গে নিয়ে কাজী নজরুল ইসলাম হল পরিদর্শন করেন উপ-উপাচার্য। পরিদর্শন শেষে ড্রেনেজ সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত আবেদন করা হয়।
এর আগে গত ২৫ সেপ্টেম্বর ‘কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা’ শিরোনামে নিউজ ভিশনে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে হলের আশপাশে পানি জমে থাকা, দুর্গন্ধ, মশার উপদ্রব ও শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি তুলে ধরা হয়।
সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে হলটি পরিদর্শনে যান উপ-উপাচার্য। এ সময় তিনি হলের আশপাশে জমে থাকা পানি ও ড্রেনেজ ব্যবস্থার পরিস্থিতি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, “দীর্ঘদিন ধরে কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি শুনে আসছি। বৃষ্টির পানি ও ব্যবহৃত পানি জমে মশার উপদ্রব এবং দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে নিচতলায় অবস্থানকারী শিক্ষার্থীরা এতে সমস্যায় পড়ছেন। আজকে আমি আমাদের চিফ ইঞ্জিনিয়ারকে নিয়ে হল ভিজিট করি। গিয়ে দেখি, জমা পানি এখনো রয়েছে এবং ছাত্ররা খুবই অমানবিক অবস্থার মধ্যে বসবাস করছে। সেখানে মশার প্রজনন ও বিস্তারও ঘটছে।”
তিনি আরও বলেন, “স্থানীয় প্রশাসনের বাজেট থেকে ড্রেনটি নির্মাণ করা সম্ভব হলে দ্রুত কাজটি করার জন্য আবেদন করা হয়েছে। যদি সেটি সম্ভব না হয়, তাহলে প্রশাসনের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে ড্রেন নির্মাণ করে দক্ষিণ কর্নারের ড্রেনের সঙ্গে সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
এদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ড্রেন নির্মাণের জন্য লিখিত আবেদন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস. এম. শহিদুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে কাজী নজরুল ইসলাম হলের দক্ষিণ পাশের সড়কের পাশে একটি পরিকল্পিত ও টেকসই ড্রেন নির্মাণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।