গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, আইইইআর এর পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, আল কোরআন বিভাগের অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. গফুর গাজী।
এছাড়াও শাখার ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, শাখা শিবিরের সভাপতি ইউসুফ আলীসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন-নিপীড়নের পর আজ উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকের দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া করছি। একই সঙ্গে প্রধানমন্ত্রী যেন সুস্থ থেকে দেশকে এগিয়ে নিতে পারেন সেই প্রত্যাশা করছি।'
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দিন খান।