কক্সবাজারের পেকুয়ায় চনা-মুড়ি বিক্রির আড়ালে ইয়াবা ব্যবসার অভিযোগে আবদুল্লাহ (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মওলার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবদুল্লাহ ওই এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মগনামা লঞ্চঘাট স্টেশন এলাকায় চনা-মুড়ি বিক্রির আড়ালে গোপনে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানা-পুলিশের একটি দল মওলার পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৫২ পিস ইয়াবাসহ আবদুল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।