ইবিতে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের একাডেমিক যাত্রা শুরু
- আপডেট সময় : ০৮:২৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
নতুন শিক্ষার্থীদের পদচারণায় দীর্ঘদিন পর আবারও প্রানবন্ত ও মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টা থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো আলাদাভাবে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয় তাদেরকে।
এদিন বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগের নিজস্ব আয়োজনে নবীন শিক্ষার্থীদেরকে বিভিন্ন উপহার, ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয়। এসময় বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে নবীনদের বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
ক্যাম্পাস সূত্রে, এবার ভর্তি হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম ব্যাচ। নতুনদের আগমনে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নতুন বন্ধু, নতুন বিভাগ এবং বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস ও স্বপ্নের ঝলক– সৃষ্টি হয়েছে একাডেমিক কার্যক্রমে নতুন উদ্দীপনা।
শিক্ষক-শিক্ষার্থীরা আশা করছেন, নতুন এই ব্যাচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ঝিনাইদহ থেকে আসা মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী মোহাম্মদ জিম বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমি খুবই আনন্দিত। আজ প্রথম ক্লাসে অংশ নিয়ে শিক্ষক ও বড় ভাই-বোনদের আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। শিক্ষকদের দিকনির্দেশনা মূলক বক্তব্য আমদের অনুপ্রাণিত করেছে। আশা করছি এখান থেকে অনেক ভালো কিছু করবো।”
বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী আল আমিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের ছায়াঢাকা এই সবুজ পরিবেশ আমার খুব ভালো লেগেছে। নতুন ক্যাম্পাস, নতুন বন্ধু এবং বিভাগীয় আয়োজন সবকিছুই ছিলো মনোমুগ্ধকর। পড়াশোনার মাধ্যমে একজন দক্ষ, মানবিক মানুষ হয়ে উঠতে চাই।























