বিএনসিসির সর্বোচ্চ পদবি পেলেন ইবি শিক্ষার্থী মোসাদ্দেক
- আপডেট সময় : ০১:৩৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)
বিএনসিসি সেনা শাখার ক্যাডেট সার্জেন্ট মোসাদ্দেক হোসেন। গত ২৫ জুন সিইউও পদের জন্য যশোর ক্যান্টনমেন্টে লিখিত পরীক্ষা, ড্রীল, কমান্ড এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হন তিনি।
পরে, আজ বৃহস্পতিবার (০২ জুলাই) জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোসাদ্দেকের কাঁধে সিইউও’র ব্যাজ পরিয়ে দেন সুন্দরবন রেজিমেন্টের কমাণ্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ রায়হান।
জানা যায়, আগামী ১ বছরের জন্য তিনি সুন্দরবন রেজিমেন্টের ২৪ নং ব্যাটালিয়নের ডেল্টা কোম্পানির সিইউও এবং কোম্পানি এডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন রেজিমেন্ট অ্যাডজুডেন্ট ফ্লাইট লেফটেন্যান্ট নাফিউর রহমান, লেফট্যানেন্ট বিএন তানজীম ইসলাম তাইন, ব্যাটালিয়ন কমাণ্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের পিইউও, বিএনসিসি স্টাফ এবং ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।
মোসাদ্দেক হোসেন ইবির আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব, ভর্তি পরীক্ষার ডিউটিসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার বিএনসিসি সেকশন কমাণ্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
বিশেষ এই অর্জনের বিষয়ে মোসাদ্দেক হোসেন বলেন, ‘সিইউও হতে পেরে ভালো লাগছে। কিন্তু এর মাধ্যমে দায়িত্বও বেড়ে গেল। ইবির বিএনসিসিকে আরও সুদৃঢ় ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং পারস্পারিক বন্ধনের দ্বারা সব ক্যাডেটদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি বিভিন্ন আন্তঃপ্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে ক্যাডেটদের চিন্তা, মনন ও সৃজনশীলতাকে জাগ্রত করব– যাতে তারা বিভিন্ন ক্যাম্পিং এ ইবির সম্মান বয়ে আনতে পারে।’
উল্লেখ্য, মোসাদ্দেক হোসেন ২টি ব্যাটালিয়ন ক্যাম্প, ১ টি রেজিমেন্ট কালেক্টিভ ক্যাম্প, ১টি কেন্দ্রীয় ক্যাম্পে অংশগ্রহণ করেছেন। ক্যাম্পসমূহে তিনি ক্যাডেট বিকিউএমএস, ক্যাডেট বিএসএম, ক্যাডেট সিএসএম এর মতো গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন। তিনি ২০২৫ সালে আন্তঃ রেজিমেন্ট ব্যাডমিন্টন প্রতিযোগীতায় সুন্দরবন রেজিমেন্টের প্রতিনিধিত্ব করে রানার্স আপ হন এবং ২০২৬ সালের ক্যাম্পে শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে নির্বাচিত হন।



















