oplus_1024
বাপা চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলোর সঞ্চালনায় এবং বাপা কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি ও সাংবাদিক নেতা স. ম. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা চকরিয়ার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বক্তারা বলেন, অবৈধভাবে মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলনের ফলে নদীর তলদেশে ঝুঁকিপূর্ণ গর্ত সৃষ্টি হচ্ছে, যা নৌ ও সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। নদীভাঙনে সড়ক ও জনপদ ক্ষতিগ্রস্ত হলেও দখলদার ও বালুখেকোদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তারা পরিবেশ ও নদী রক্ষায় উপজেলা প্রশাসনের আরও জোরালো ভূমিকা কামনা করেন।
আলোচনা সভায় অধ্যাপক ইমাম উদ্দীন মনির পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, ব্যাপক বৃক্ষরোপণ ও খাল পুনঃখননের মতো কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে স. ম. ইকবাল বাহার চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় সরকারের উদ্যোগের পাশাপাশি প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বদরখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আকবর হোসেন, অধ্যাপক ইমাম উদ্দীন মনির, বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, অধ্যাপক সাইফুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দীন, মাস্টার আলমগীর হোসেন রানা, ওমর ফারুক বদরী, সাইফুল ইসলাম, রিদুয়ান হাফিজ ও এম জুনাইদ উদ্দীনসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সাংবাদিক সাঈদী আকবর ফয়সাল, বাপা চকরিয়া ও মহেশখালী শাখার সদস্যবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও তরুণ সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।