তানবীরুল ইসলাম
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া থানার আওতাধীন এলাকায় চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ নিয়মিতভাবে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সাম্প্রতিক সময়ে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট ঘিরে সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় নজরদারি আরও জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় পরিকল্পিত ও সমন্বিত অভিযানে চকরিয়া থানার বিভিন্ন ঘের এলাকায় অভিযান চালিয়ে চরণদ্বীপ এলাকার একটি সন্ত্রাসী গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মোক্তার হোসেন (৩০) কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ঘের থেকে চাঁদা উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গ্রেফতারকৃত মোক্তার হোসেনের পিতা মোজাহের আহম্মদ (প্রকাশ বাইগ্যা) এবং মাতা রহিমা খাতুন। তার বাড়ি চিরিংগা ইউনিয়নের বুড়িপুকুর এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট কেন্দ্রিক অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ জানান, চিংড়ি ঘের এলাকায় প্রকৃত মৎস্যচাষীদের নিরাপদে উৎপাদন নিশ্চিত করা এবং জনগণের জানমালের সুরক্ষায় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ‘হোয়াইট গোল্ড’ খ্যাত চিংড়ি উৎপাদনে বৈধ চাষীদের সুরক্ষা দিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।