আন্তর্জাতিক ডেস্ক,
ইরানের সঙ্গে চলমান সংঘাতের উত্তাল সময়ে বড় ধরনের ধাক্কা খেল মার্কিন নৌবাহিনী। বিশ্বের বৃহত্তম ও সবচেয়ে ব্যয়বহুল মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ অভ্যন্তরীণ অগ্নিকাণ্ড ও যান্ত্রিক বিপর্যয়ের শিকার হয়ে লোহিত সাগরের রণক্ষেত্র ছাড়তে বাধ্য হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেরামতের জন্য রণতরিটিকে এখন গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটির দিকে পাঠানো হচ্ছে। গত বছরের জুন থেকে টানা প্রায় নয় মাস সমুদ্রে অবস্থান এবং সাম্প্রতিক অগ্নিকাণ্ড জাহাজটির সক্ষমতাকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে।
জানা গেছে, গত সপ্তাহে রণতরিটির লন্ড্রি সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় যা নিয়ন্ত্রণে আনতে প্রায় ৩০ ঘণ্টা সময় লেগেছে। ধোঁয়ার কারণে প্রায় ২০০ জন নাবিক অসুস্থ হয়ে পড়েছেন এবং একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নাবিকদের অন্তত ১০০টি শয্যা এবং লন্ড্রি সুবিধা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। যদিও মার্কিন নৌবাহিনী দাবি করেছে যে জাহাজের ইঞ্জিন ব্যবস্থা সচল রয়েছে, তবে এই বিশাল ক্ষয়ক্ষতির পর ৪ হাজার ৫০০ নাবিকের মনোবল এখন তলানিতে।