মো:বেলাল হোসেন পাটোয়ারী :
২০২৫ সালের ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা স্থায়ী ক্যাম্পাসের ছাত্র তাহসিন আল মানাফ। তার এই সাফল্যে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-অভিভাবক ও সহপাঠীদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, মেধা ও পরিশ্রমের সমন্বয়ে ধারাবাহিক ভালো ফলাফল ধরে রেখে তাহসিন আল মানাফ এ বছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে বৃত্তির তালিকায় ট্যালেন্টপুল স্থান করে নেন। ফলাফল প্রকাশের পর বিদ্যালয় প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত করা হয়।
প্রতিষ্ঠানের ইনচার্জ মু.মাশহুদুল আলম বলেন, “তাহসিন আল মানাফের এই অর্জন আমাদের জন্য গর্বের। সে সবসময় নিয়মিত পড়াশোনা করেছে এবং শিক্ষকদের নির্দেশনা মেনে চলেছে। তার সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
শ্রেণিশিক্ষক হাফেজ মাওলানা ফজলে রাব্বি জানান, তাহসিন আল মানাফ অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছাত্র। পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। নিয়মিত ক্লাস করা, সময়মতো পড়া প্রস্তুত রাখা এবং আত্মনিয়ন্ত্রণ এই গুণগুলোই তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে।
তাহসিন আল মানাফ তার প্রতিক্রিয়ায় বলেন, “এই সাফল্য আমার বাবা-মা ও শিক্ষকদের দোয়া এবং সহযোগিতার ফল। ভবিষ্যতে আরও ভালো ফল করে দেশের জন্য কিছু করতে চাই।”
তার বাবা-মা সন্তানের এই অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষকদের প্রতি ধন্যবাদ জানান।
উল্লেখ্য, প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে সরকারিভাবে ট্যালেন্টপুল বৃত্তি প্রদান করা হয়। তাহসিন আল মানাফের এই সাফল্য তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার জন্য এক গৌরবোজ্জ্বল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।