কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) এর ধাক্কায় মোহাম্মদ তামিম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মগনামা সাবমেরিন-বানৌজা সড়কের চেপ্টাখালী নাশির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তামিম মগনামা ইউনিয়নের নতুন কাকপাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে। সে মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে তামিম সাবমেরিন-বানৌজা সড়ক পার হচ্ছিল। এ সময় সাবমেরিন স্টেশনের দিকে যাওয়া একটি ব্যাটারিচালিত মিশুক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মিশুকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। স্থানীয়দের দাবি, মিশুকটির চালকের নাম ইমরান। তিনি মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে, তামিমের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”