বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ট্রাকভর্তি বিভিন্ন ধরনের অনেক ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড কক্সনাজার ৩৪ বিজিবি। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর তুমব্রু বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তবর্তী কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ট্রাকের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান।
পরে ট্রাক থেকে বিভিন্ন ধরনের অনেক ঔষুধ উদ্ধার করা হয়। একই সঙ্গে এসব ঔষুধ পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-কক্সবাজারের টেকনাফ উপজেলার পুরাতন পল্লান পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া (২৬) নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়া গ্রামের বিপন বড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮) এবং কক্সবাজারের উখিয়া উপজেলার টিএনটি এলাকার মো. জয়নালের ছেলে মো. আবছার।
জব্দকৃত ঔষধের আনুমানিক সিজার মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানিয়েছেন বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন,বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের অবৈধ পণ্য পাচার হতে না পারে, সে বিষয়ে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।