ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খড়ি বাড়ি (শালবাগান) এলাকার ক্যানেলের উপর নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম জনদুভোগের সৃষ্টি হয়েছে। খড়ি বাড়ি শালবাগান হতে খারুয়াডাঙ্গা হয়ে সেনুয়া ইউনিয়ন পরিষদ সংযোগকারী এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ ও যানবাহন চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খড়ি বাড়ি (শালবাগান) থেকে প্রধান সড়ক হয়ে সেনুয়া ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র সংযোগ ক্যানেলের এই ব্রিজটির মাঝ অংশ ভেঙে বড় ধরনের বিপদ জনক সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন ভ্যান, অটোরিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোট-বড় যানবাহন ও পথচারীরা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী জানান, ব্রিজটি দ্রুত মেরামত বা পুনর্নির্মাণ করা না হলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।