কক্সবাজারের পেকুয়ায় সড়কে ট্রাক রেখে লবণবোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে এক ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাঝিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, সরু সড়কে বড় বড় ট্রাক রেখে লবণবোঝাই করায় প্রায়ই যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে পথচারী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় এক ঘণ্টা পর্যন্ত সড়কে আটকে থাকতে হয় বলেও জানান তারা। এ ধরনের ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থা কামনা করেন স্থানীয়রা।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, “সড়কে ট্রাক রেখে লবণবোঝাই করে জনদুর্ভোগ সৃষ্টি করার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ট্রাকচালক রায়হানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কে ট্রাক রেখে লবণবোঝাই করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”