সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া মাত্র ৪১ সেকেন্ডের একটি ভিডিও! আর তাতেই তোলপাড় জামালপুরের ইসলামপুর। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা মিছিলকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।
তবে পার পাননি মিছিলকারীরা। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার (৮অক্টোবর) শেষ রাতে নোয়ারপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিছিলের দুই হোতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোফাশেরুল ইসলাম নিশাদ এবং ছাত্রলীগ কর্মী মোস্তাফিজুর রহমান।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঝটিকা মিছিলে জড়িত অন্যদের ধরতে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে,নিষিদ্ধ সংগঠনের এই গোপন মহড়ার খবর ছড়াতেই ফুঁসে উঠেছে স্থানীয় উপজেলা ছাত্রদল। ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা অবিলম্বে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল বের করেছে।