মাদারীপুরের মস্তফাপুরে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ, নৈতিকতা ও মানবিকতার শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাশাপাশি হিলফুল ফুজুল যুব সমাজের ভবিষ্যৎ সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় খৈয়ার ভাঙ্গা গ্রামের যুব সমাজের উদ্যোগে গড়ে ওঠা সামাজিক ও মানবিক সংগঠন হিলফুল ফুজুল যুব সমাজ, মস্তফাপুর-এর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম মাতুব্বর,
খামার বাড়ি নেছারিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক আজমল হোসেন, খৈয়ার ভাঙ্গা নুরিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল আবু বক্কর সিদ্দিক।
রচনা প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। ক গ্রুপে প্রথম স্থান অর্জন করেন বাইজিত হুসাইন ও দ্বিতীয় স্থান অর্জন করেন ইলমা জাহান। খ গ্রুপে প্রথম হয়েছে সুফিয়া ইসলাম এবং দ্বিতীয় স্থান অর্জন করেন আইনুন নাহার সাইমা।
অনুষ্ঠানে খৈয়ার ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাইমা বলেন, মহানবী (সাঃ)-এর জীবন ও আদর্শ নিয়ে লেখার মাধ্যমে তাঁর সম্পর্কে আরও জানার সুযোগ হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও ভালো কাজে উৎসাহিত করবে।
হিলফুল ফুজুল যুব সমাজের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এবং অর্থ সম্পাদক ডা. মহিব্বুলাহ শেখ
সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পৃথক পৃথক বক্তব্য দেন।
সাধারণ সম্পাদক "কামরুল ইসলাম" বলেন- শিক্ষা, সামাজিক সচেতনতা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছে "হিলফুল ফুজুল যুব সমাজ"। এ কাজে এলাকার তরুণ, অভিভাবক, শিক্ষার্থী, প্রবাসী ও সামর্থ্যবান মানুষের সহযোগিতা প্রয়োজন।
সংগঠনের সভাপতি বেলায়েত হাওলাদার প্রবাসে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে তিনি প্রবাস থেকে পাঠানো বার্তায় রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের অভিনন্দন জানান। একই সঙ্গে সংগঠনের ভালো উদ্যোগগুলোতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন নজরুল মাতুব্বর ও মহীদুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।