ঢাকা: বাংলাদেশসহ মোট ৯টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই সিদ্ধান্তের ফলে শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশে দেশটিতে যেতে ইচ্ছুক এই ৯টি দেশের নাগরিকরা আর ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন বিভাগ কর্তৃক প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা।
কারা নিষেধাজ্ঞার আওতার বাইরে?
যারা এরই মধ্যে বৈধ ভিসা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন, তাদের জন্য এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ, তারা তাদের ভিসা অনুযায়ী দেশটিতে থাকতে পারবেন। এই নিষেধাজ্ঞা কেবল নতুন ভিসা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।
কারণ নিয়ে নানা জল্পনা
আরব আমিরাত সরকার এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এর সম্ভাব্য কারণ হিসেবে কয়েকটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে:
-
নিরাপত্তা ও সন্ত্রাসবাদ: বেআইনি কার্যকলাপ থেকে নিজেদের নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য নিরাপত্তা সংক্রান্ত কিছু উদ্বেগ।
-
কূটনৈতিক পরিস্থিতি: উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কূটনৈতিক টানাপোড়েন।
-
স্বাস্থ্যগত কারণ: কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কঠোর প্রবেশ নীতিমালা বাস্তবায়নের চেষ্টা।
এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করে এটি তুলে নেওয়া হতে পারে।