সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামীসহ দুজনের মৃত্যুদণ্ড
আশাশুনি প্রতিনিধিঃ
সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতনের পর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার ঘটনায় স্বামী শওকত হোসেন ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই নারী আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকার নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটি ছয়ঘরিয়া গ্রামের শওকত হোসেনের বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই দুই লাখ টাকা যৌতুকের দাবিতে নাছিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন শওকত। একপর্যায়ে নাছিমার পরিবার এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন অব্যাহত থাকে। এ নিয়ে নাছিমা পৌরসভায় অভিযোগও করেন।
অভিযোগ প্রত্যাহার ও বাকি টাকা আনার জন্য চাপ দেওয়ার পর ২০১২ সালের ২৯ আগস্ট রাতে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাসায় নাছিমাকে মারধর করা হয়। একপর্যায়ে শফিকুল ইসলাম তার হাত ধরে রাখেন এবং শওকত তার শরীরে আগুন ধরিয়ে দেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলে ৯ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নাছিমার মা বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত শওকত হোসেন ও শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি অপর দুই নারী আসামি হাসিনা খাতুন ও ছবিরণ বিবিকে খালাস দেওয়া হয়।
রায়ের পর রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আকবর আলী জানান, রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করা হবে। দণ্ডপ্রাপ্ত দুই আসামিকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক নাজমুল হুদা।