চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালে প্রথম সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে ২৮ বছর বয়সী এক যুবকের হিপ।
জানা যায়, মাত্র আটাশ বছর বয়সে খাগড়াছড়ির মোহাম্মদ সোহেলের উরুসন্ধির হাড় ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। তীব্র ব্যথায় স্বাভাবিক হাঁটাচলাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে, তার ডান হিপে এভাসকুলার নেক্রোসিস (এভিএন) চতুর্থ পর্যায়ে এবং বাম হিপে তৃতীয় পর্যায়ে রয়েছে। পরে চট্টগ্রামের এরিস্টোকেয়ার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে হিপ জয়েন্ট প্রতিস্থাপন করা হয়েছে।কয়েক বছর আগে ওজন বাড়ানোর উদ্দেশ্যে কিছু ওষুধ সেবনের পর ধীরে ধীরে সোহেলের দুই হিপে ব্যথা শুরু হয়। সময়ের সঙ্গে ব্যথা বাড়তে থাকলে স্বাভাবিক চলাফেরা ব্যাহত হয়। বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় দুই হিপে এভিএন শনাক্ত হয়।
রোগের জটিলতা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে এরিস্টোকেয়ার হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন ও অ্যানাস্থেসিয়া দেওয়ার উপযোগিতা নিশ্চিত করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অত্যাধুনিক মডুলার অপারেশন থিয়েটারে অস্ত্রোপচারটি সম্পন্ন করেন অর্থোপেডিক, আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জন সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আলী হায়দার। সার্জিক্যাল টিমে ছিলেন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর হোসেন। অস্ত্রোপচারের সময় ও পরবর্তী ব্যথা নিয়ন্ত্রণে এপিডুরাল অ্যানালজেসিয়া ব্যবস্থাপনা নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. নুরুল আজিম।