সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন মামলার এক আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আশাশুনি থানার মামলা নম্বর ২৪(০৬)২৬-এর আসামি গোদাড়া গ্রামের মৃত আশরাফ সরদারের ছেলে মো. তছলিম রহমান বাচ্চু (৫২)। থানা পুলিশের তথ্য অনুযায়ী, তিনি বাংলাদেশ কৃষক লীগের সাতক্ষীরা জেলা শাখার সক্রিয় সদস্য।
এ ছাড়া পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—লতাখালী গ্রামের মৃত লুৎফর রহমান গাজীর ছেলে মো. আব্দুল্লাহ গাজী, কচুয়া গ্রামের মো. জাহাঙ্গীর সরদারের ছেলে অবাইদুল্লাহ সরদার, বৈকারঝুটি গ্রামের মৃত জিতেন্দ্র নাথ ঘোষের ছেলে সন্তোষ কুমার ঘোষ এবং বসুখালী গ্রামের মৃত হাকিম আলী গাজীর ছেলে সিরাজুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানা ছিল। অভিযান শেষে তাঁদের রোববার আদালতে পাঠানো হয়েছে।
আশাশুনি থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।